ফুলবাড়ীতে ১৫ নভেম্বর লালন সাঁইজির তিরোধান দিবস উপলক্ষে সাধু সংঘ ও ভাবসংগীতানুষ্ঠান
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ণ
ধরলা পোস্ট অনলাইন :
মহাত্মা ফকির লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী লালন আখড়াবাড়িতে আগামী ১৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে সাধু সংঘ ও ভাবসংগীতানুষ্ঠান। মরমি সাধনা, মানবপ্রেম, অসাম্প্রদায়িক চেতনা এবং লালন সাঁইজির দর্শন মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে এ আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানকে ঘিরে ইতোমধ্যে শুরু হয়েছে নানা প্রস্তুতিমূলক কার্যক্রম। আয়োজনের সার্বিক প্রস্তুতি ও কার্যক্রম পরিদর্শনে সম্প্রতি লালন আখড়াবাড়িতে যান সিনিয়র সাংবাদিক ও কবি-সাহিত্যিক ইউনুস আলমগীর এবং তরুণ সাংবাদিক নুরনবী সরকার। এ সময় তাঁরা আয়োজনের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
আয়োজকদের প্রত্যাশা, সাধু সংঘ ও ভাবসংগীতের মধ্য দিয়ে লালন সাঁইজির মানবতাবাদী দর্শন, সাম্য, প্রেম ও সম্প্রীতির বাণী নতুন করে মানুষের হৃদয়ে ছড়িয়ে পড়বে। বিশেষ করে নতুন প্রজন্মের কাছে লালন দর্শন ও মরমি সাধনার চর্চা পৌঁছে দিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
লালন সাঁইজি তাঁর গান ও দর্শনে জাতি, ধর্ম, বর্ণের বিভেদ ভুলে মানুষকে মানুষ হিসেবে দেখার শিক্ষা দিয়েছেন। তাঁর মানবতাবাদী দর্শন আজও সমাজে সম্প্রীতি, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে অনুপ্রেরণা জোগায়।
শিমুলবাড়ী লালন আখড়াবাড়ির এ আয়োজন শুধু একটি সংগীতানুষ্ঠান নয়, বরং মরমি সাধনা ও মানবতার দর্শন চর্চার এক মিলনমেলায় পরিণত হবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। জয় হোক মানুষের, জয় হোক মানবতার।